সড়ক দূর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেল ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) তিন শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে।আজ বেলা ১২:০০ ঘটিকায় জেলা সার্কিট হাউসে সড়ক দূর্ঘটনায় নিহত দুইজন ছাত্র এবং আহত ছাত্রের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়। নিহত দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন এর পরিবারকে ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা এবং আহত শিক্ষার্থী জাকারিয়া হিমুর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জামালউদ্দীন আহমদ, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড.রেজাউল করিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর-আল-নাসীফ
উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা,চুয়েট জনসংযোগ বিভাগের ডেপুটি পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।

উক্ত অর্থের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের জন্য ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা, আহত শিক্ষার্থীর জন্য ১ লাখ টাকা, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতি হতে নিহত শিক্ষার্থীদের দুই লাখ টাকা করে মোট ৪ লাখ ও আহত শিক্ষার্থীকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম চুয়েট নিউজ২৪ কে বলেন, ‘নিহতদের পরিবারকে চট্টগ্রাম বাস মালিক সমিতি ও জেলা প্রশাসন এর পক্ষ থেকে সর্বোমোট দশ লক্ষ টাকা করে ও আহতের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যেন তাদের স্মৃতিস্বরুপ বিশ্ববিদ্যালয়ের কোনো চত্বর বা ভবনের নাম শিক্ষার্থীদের নামে নামকরণ করা হয়।পাশাপাশি, বিআরটিএ এর কাছে এই রাস্তাটির নামকরণ এই দুই শিক্ষার্থীর নামে করার অনুরোধ করেন তারা। ‘

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন চুয়েটের তিন শিক্ষার্থী। দ্রুতগতির শাহ আমানত পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসেন। সহপাঠীদের মৃত্যুর সংবাদ শোনার পর ৩ টি বাস আটকের পর আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে দশ দফা দাবিতে আন্দোলন শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ স্থগিতের ঘোষনা দেওয়া হয়।