চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অসমাপ্ত ছাত্র শিক্ষক মিলনায়তনের(টিএসসি) কাজ চলতি বছরের এপ্রিলের মধ্যেই পুনরায় শুরু হচ্ছে। গত ১৯জানুয়ারি মঙ্গলবার চুয়েট সাংবাদিক সমিতিকে একথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য বলেন, চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী সমিতির (চুয়েট এক্স-স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন) অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই কমপ্লেক্সের প্রথম তলা পর্যন্ত কাজ শেষ করা হবে। কাজ শুরুর পাঁচ-ছয় মাসের মধ্যেই এ নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, চুয়েট ছাত্র শিক্ষক মিলনায়তন অনেক বছর ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে।
চুয়েটে উপাচার্যের সাথে সাংবাদিক সমিতির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাত:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চুয়েটজেএ) সদস্যবৃন্দ গত মঙ্গলবার চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। চুয়েট সাংবাদিক সমিতির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবদুর রহমান কাঁকন, সহ-সভাপতি মো: রাসেদুল ইসলাম, সাধারন সম্পাদক মো: ইনতিশার রহমান, কার্যনির্বাহী সদস্য ইনজামাম উল হক ও নাজমুস সাকিব। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম এই বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা-গবেষণার অগ্রযাত্রায় চুয়েট সাংবাদিক সমিতির গৌরবময় ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে চুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয় এবং সাংবাদিক সমিতির কার্যালয়ের আধুনিকায়নে বিবিধ প্রস্তাব প্রদান করা হলে উপাচার্য তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
তারিখ: ২১.১.’১৬