আদ্যন্ত’১৮ শিক্ষা সমাপনী উৎসবের সূচনা হলো আজ

তরিকুল হক জুম্মান:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর  ৪৯তম ব্যাচের(২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার ৩০ মে হতে ২ দিনব্যাপী আয়োজিত হবে এই উৎসব। এবারের উৎসবের নাম রাখা হয়েছে ‘আদ্যন্ত ১৮’।

আজ বিকাল ৫টা নাগাদ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  ড. মো: রফিকুল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য  অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ,ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম সহ বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষকবৃন্দ। এরপর বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬ টায় বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয় ফ্ল্যাশমোব,সাথে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি ও কালার ফেস্ট।

‘আদ্যন্ত ১৮’ এর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘সিনেমা প্রিমিয়ার ও সাংস্কৃতিক সন্ধ্যা’। শুক্রবারের কর্মসূচি হিসেবে থাকছে ছবি প্রদর্শনী। বাস্কেটবল মাঠে রাতে কনসার্টের আয়োজনের মাধ্যমে ‘আদ্যন্ত ১৮’ তাদের কর্মসূচির সমাপ্তি ঘটাবে।কন্সার্টের মাঠ কাপাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন,উন্মাদ, সহজিয়া, আরবোভাইরাস ও বাংলা দল।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রিফাত আহমেদ বলেন, ‘অনেক জল্পনা কল্পনার পর ‘আদ্যন্ত ১৮’ তার কর্মসূচি ঘোষণা করতে পেরেছে।সিনিয়র-জুনিয়রের এক মেলবন্ধনের সুযোগ এই আয়োজন। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।চুয়েটের বাইরেও এই আয়োজন ব্যাপক জনপ্রিয়। ‘আদ্যন্ত ১৮’ তার কর্মসূচির মাধ্যমে এই জনপ্রিয়তা ধরে রেখেছে।’

উল্লেখ্য, চুয়েট এর প্রতিটি ব্যাচ বিদায়কালীন জমকালো ভাবে শিক্ষা সমাপনী উৎসব আয়োজন করে থাকে।যা বীর চট্টলার সর্ববৃহৎ অনুষ্ঠান হিসেবে সমাদৃত।