জিওন আহমেদঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগ (ইইই) এর “ইইই দিবসঃ ইলেক্ট্রিক্যাল সার্জ – ২০২২” আগামী ৮, ৯ এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে৷ ৩দিন ব্যাপী এই আয়োজনে থাকছে র্যালি, ফুটবল ম্যাচ, সার্কিট সমাধান প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক সমস্যা সমাধান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শর্ট পিচ টুর্নামেন্ট সহ নানা আয়োজন৷
আয়োজনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চলছে পুরোদমে প্রস্তুতি৷ আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন শেষ বর্ষের শিক্ষার্থীদের থেকে ৬১ সদস্যের একটি কার্যকর কমিটি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে । গত ৪ ডিসেম্বর ইইই বিভাগের শিক্ষকদের নিয়েও ৩০ সদস্যের উপদেষ্টা ও উপ-কমিটি গঠন করা হয়েছে৷ শিক্ষকরা প্রতিটি আয়োজনের সার্বক্ষণিক তদারকি করছেন৷

৩দিন ব্যাপী ইলেক্ট্রিক্যাল সার্জ-২০২২ এর আয়োজনের ৮ই ডিসেম্বর প্রথম দিন সকাল ১০:৪০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকছে র্যালি এবং সেমিনার, বিকেল ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত ফ্ল্যাশমব, ফায়ার ওয়ার্ক, চা উৎসব এবং কালার ফিস্ট৷
৯ই ডিসেম্বর দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে ১০:৩০ পর্যন্ত থাকছে সার্কিট অলিম্পিয়াড, ১০:৩০ থেকে দুপুর ১২টা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিষয়ভিত্তিক সমস্যা সমাধান প্রতিযোগিতা৷
১০ ডিসেম্বর শেষ দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষক বনাম শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচ, ৪:৩০ থেকে ৫:৩০ ফেয়ারওয়েল এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং সর্বশেষ বিকেল ৫:৩০ এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে ইলেকট্রিক্যাল সার্জের এই আয়োজন৷

ফ্ল্যাশমব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে পুরোদমে চলছে মহড়া । প্রত্যেকেই নিজের সর্বোচ্চটা দিয়ে সাজিয়ে তুলছেন আয়োজনের প্রতিটি অংশকে । সমস্যা সমাধান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো থেকে ইতোমধ্যে প্রথম পর্বে বাছাই শেষে ৫টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়েছে ।
ইলেকট্রিক্যাল সার্জের এই আয়োজনকে সঞ্চালনা করছেন চুয়েট তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সম্পদ ঘোষ ।
চুয়েট তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন বলেন, “আমরা দীর্ঘদিন পর ইইই দিবস উদযাপন করতে যাচ্ছি৷ আগে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হলেও করোনা লক-ডাউন সহ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে গত কয়েকবছর আমরা দিনটি উদযাপন করতে পারিনি৷ কিন্তু এবছর বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই দিনটি পুনরায় উদযাপনের সুযোগ এসেছে৷”
তিনি আরও বলেন, “আয়োজনকে নতুন মাত্রা যোগ করতে ছাত্র বনাম শিক্ষক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে৷ আশা করছি এর মাধ্যমে চুয়েট ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে৷”
চুয়েট তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল জাহান বনি বলেন, “আমরা দীর্ঘদিন পর ইইই দিবস উদযাপন করতে যাচ্ছি । দিনটি না উদযাপন করে ডিগ্রি শেষ করলে নিজেদের মধ্যে অসম্পূর্ণতা থেকে যেতো ।”
ইলেকট্রিক্যাল সার্জ-২০২২ এর এই পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- চুয়েট নিউজ২৪ ।