চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) এ ভোর ৫টা থেকেই সশস্ত্র অবস্থায় হলুদ হেলমেট পড়ে প্রায় ১৫-২০ জনের একটি দলকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান করতে দেখা যায় ।
তারা সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরগামী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আনতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া সকল বাস আটকিয়ে তা পুনরায় গ্যারেজে ফেরত পাঠায়। এর পর তারা হাতে রামদা ও লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় ঘোরাঘুরি করতে থাকে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায় স্বাধীনতা চত্বরে আশে পাশে কাউকে দেখলেই তার দিকে তেড়ে যাচ্ছিলেন ওই দলটি। একারণে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ১২ টি বিভাগের কোনো শিক্ষার্থী ক্লাসে যেতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম এই দলটির পরিচয় নিশ্চিত করতে না পারলেও তিনি বলেন, প্রতিদিনের মত শ্রেণি কার্যক্রম শুরুর উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের আনতে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ৭ টি বাস রওনা দেয়। কিন্তু হলুদ হেলমেট পড়া একটি দল স্বাধীনতা চত্বরে বাসগুলোকে আটকে দেয়। এরা কারা আমার জানা নেই। তবে এরা ড. কুদরত-ই-খুদা হল এর দিক থেকে এসেছে বলে আমি জানতে পেরেছি।
এর আগে গত শনিবার শহরে বাস থামানোকে কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই দল নিজেদের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে এরা আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এর অনুসারী বলে পরিচিত।