চুয়েটে মশক নিধন কার্যক্রম শুরু

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিয়মিত আকারে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু এক প্রকার মহামারি আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে চুয়েটেও যেকোন প্রকার এডিস মশার বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চুয়েটে এখনো ডেঙ্গুজ্বরের খবর শোনা না গেলেও প্রশাসনের আগাম সতর্ক অবস্থানকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রশাসনের নিজস্ব উদ্যোগে মশক নিধন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। চুয়েটে যেহেতু ঝোপঝাড় কিছুটা বেশি তাই ডেঙ্গুর প্রভাব থাকাটা অস্বাভাবিক কিছু না।

ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় ক্যাম্পাস অভ্যন্তরে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধও জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।

গ্রিন ফর পিস চুয়েটের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান বলেন, ঔষধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ সম্বলিত নোটিশ প্রতি হল এবং ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে দেয়া উচিত যাতে শিক্ষার্থীরা সতর্ক হতে পারেন।

মশক নিধন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে ছাত্র কল্যান উপ-পরিচালক হুমায়ুন কবির বলেন, ভিসি স্যারের নির্দেশনায় ক্যাম্পাসে ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। এটাকে আমরা নিয়মিত কাজের আওতায় নিয়ে এসেছি যাতে মশক বিস্তার করতে না পারে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।এমতাবস্থায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) শিক্ষার্থীদের মধ্যেও ডেঙ্গুর আতঙ্ক বিরাজ করছে।

sth 30/7/19