রকিবুল ইসলাম মুন্নাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) আন্তর্জাতিক সামাজিক ব্যবসায় সংগঠন হাল্ট কর্তৃক আয়োজিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার সেমিফাইনাল গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ৩১ টি দল অংশ নেয়। আগামী ১৫ই ডিসেম্বর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকালে পুরকৌশল ভবনের সেমিনার রুমে প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী সচ্ছ দে, চট্টগ্রাম জুনিয়র চেম্বারের পরিচালক প্রকৌশলী এস এম ইসতিয়াক-উর-রহমান এবং বহুজাতিক প্রতিষ্ঠান রেকিট বেনকিসারের সমন্বয়ক আবু নাসের নুর ।
সেমিফাইনালে অংশ নেয়া দলগুলো বিভিন্ন রকম আইডিয়া প্রদানের মাধ্যমে সমাজের নানা সমস্যাগুলো সমাধানের কার্যকরী উপায় বের করার চেষ্টা করেন । প্রতিযোগিতা শেষে বিচারকরা ৬টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করেন।
এই ব্যাপারে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার চুয়েটের ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান বলেন, হাল্ট প্রাইজ আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ একটি সামাজিক ব্যবসা প্রতিযোগিতা। একে ছাত্রছাত্রীদের নোবেল পুরস্কারও বলা হয়।বর্তমান সমাজে বিরাজমান সমস্যাগুলো সমাধানে তরুন মেধাবী মস্তিষ্ক গুলোকে কাজে লাগানো এবং তাদেরকে উদ্যোগী করার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, চুয়েটের প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী দল পরবর্তীতে দেশের বাইরে অনুষ্ঠিতব্য আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। আঞ্চলিক পর্ব শেষে চূড়ান্ত পর্বে বিজয়ী দল নিজেদের প্রস্তাবিত সমাধানকে বাস্তবায়নের জন্য ১০ লক্ষ ডলার পুরষ্কার পাবেন।
তারিখঃ ০৯/১২/২০১৭ ইং

