ইনজামাম উল হক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৮ নভেম্বর ‘Energy Status in Bangladesh and Recent Advances in Renewable Energy Field’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) আয়োজনে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস । বক্তব্যে তিনি বলেন ,উন্নত দেশ গড়তে নিজস্ব জ্বালানি সক্ষমতা তৈরি করতে হবে। আমাদের প্রচুর জ্বালানি সম্পদ আছে, এ খাতে অগ্রসর হওয়ার অনেক সুযোগও আছে। সুতরাং আমরা এখন জ্বালানি সক্ষমতা তৈরি করতে পারি।
তিনি আরও বলেন বরং এ উপমহাদেশের দেশগুলোর মধ্যে অনেক সূচকে আমরা এগিয়ে। এখন উন্নত দেশ গড়ার মিশন ও আইডিয়া নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, জ্বালানি দেশের উন্নয়নের চাবিকাঠি। আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ প্রায় শেষ। এখন আমাদের নতুন উৎস খুঁজতে হবে। নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সেই অফুরন্ত উৎস।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম এবং পিডিবি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। সভাপতিত্ব করেন চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার কো-চেয়ারম্যান এবং ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির শিক্ষক সাদিয়া তাসনিম মৌরি ।
