অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি চুয়েট শিক্ষক সমিতির

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে তাঁকে উপাচার্য পদে অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই রাষ্ট্রপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে তিনি গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দাবি করেছে শিক্ষক সমিতি। তবে গত ২১ সেপ্টেম্বর কোনো কারণ উল্লেখ না করে তাঁকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। মাত্র ৫৬ দিনের কর্মকালেই তাঁকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে গত ২১ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভা করে শিক্ষক সমিতি। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির সিদ্ধান্তে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনসমূহ অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করা হোক।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চুয়েটের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে গত ২১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের জন্য দাবি জানানো হচ্ছে।