ফাহিম রেজা :
বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ কিউএস ওয়ার্লড বিশ্ববিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে এর বিষয়ভিত্তিক র্যাংকিংয়ে চতুর্থ বারের মতো স্থান করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগ। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের র্যাংকিং অনুযায়ী, পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে নির্বাচিত ১৭৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বে ১৫৫তম অবস্থানে রয়েছে বিভাগটি।
বিষয়ভিত্তিক এই র্যাংকিংয়ের ২০২৬ সংস্করণে পাঁচটি বিস্তৃত বিষয়ের আওতায় মোট ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ১,৯০০-এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধীনে পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে চুয়েটের এই অর্জন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮ টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ের জন্য র্যাংকিংয়ে তালিকাভূক্ত হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের অধীনে পিএমই বিভাগ চালু হয়। বর্তমানে ১২ জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে বিভাগটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভাগটি খনিজ সম্পদ প্রকৌশলে স্নাতক ডিগ্রি প্রদান করে আসছে এবং প্রতি বছর প্রায় ৩০ জন শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে।
বিভাগটির এই সাফল্য সম্পর্কে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, চুয়েট পিএমই বিভাগের এই অর্জন অত্যন্ত গর্বের, তবে আমাদের লক্ষ্য অনেক দূরে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিভাগটি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিক অগ্রগতি বজায় রেখে আমরা লক্ষ্য পূরন করবো। তিনি আরও জানান, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং নতুন পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।