মো: ফাহিম রেজা :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( চুয়েট) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং ( পিএমই) বিভাগের উদ্যোগে কর্মক্ষেত্রে পরিবেশ,স্বাস্থ্য ও সুরক্ষা এবং শিল্পকারখানার প্রসেস কন্ট্রোল বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।গতকাল এক সংবাদ সম্মেলনে “NATIONAL WORKSHOP ON OCCUPATIONAL (EHS) AND PROCESS SAFETY 2025” শীর্ষক এই কর্মশালার ঘোষণা দেওয়া হয়। আগামী ২০ নভেম্বর ( বৃহস্পতিবার) চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে দিনব্যাপী ওই কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ইদানিং প্রায় শোনা যায়। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর ফলে একদিকে যেমন বাড়ছে মৃত্যুঝুঁকি অন্যদিকে এর বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতির উপর। এ সকল বিষয়র কথা মাথায় রেখে পরিবেশ এবং স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক এই কর্মশালা আয়োজন করা হয়েছে।
পরিবেশ,স্বাস্থ্য ও সুরক্ষা এবং প্রসেস সেফটি বিষয়ক দক্ষতা বৃদ্ধি, টেকসই ও ঝুঁকিহ্রাসমূলক পরিকল্পনার মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জন এবং বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে উক্ত কর্মশালা আয়োজিত হবে। প্রাথমিকভাবে ১২০ জন অংশগ্রহনকারীকে নিয়ে কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে , যেখানে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ৮০ জন পেশাদার এবং ৪০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবেন। কর্মশালায় প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের সার্টিফিকেট অর্জনের সুযোগ থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন,”আমরা সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখেছি। সেখানে স্বাস্থ্য-সুরক্ষার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি।তাছাড়া পরিবেশ, স্বাস্থ্য ও সুরক্ষা এবং প্রসেস কন্ট্রোল এই বিষয়গুলোর চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সকল প্রতিষ্ঠানে পরিবেশ, স্বাস্থ্য ও সুরক্ষা এবং প্রসেস কন্ট্রোল বিষয়ে অভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়া হয়। এ ব্যাপারে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কথা বলতে গেলে তারা উক্ত বিষয়ে কর্মশালা আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেছে। তাই আগ্রহীদের হাতে কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে এ কর্মশালার উদ্যোগ নেয়া হয়েছে।”
সকাল ৯ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন টেকনিক্যাল সেশন, ল্যাব ও স্টল পরিদর্শন,নেটওয়ার্কিংসহ নানা ধরনের ইভেন্ট থাকবে। সমাপনী বক্তব্য এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সন্ধ্যা ৬.৩০ এ অনুষ্ঠানটি সমাপ্ত হবে।