ইনজামাম উল হক:
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাশ -পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচিতে দ্বিতীয় দিনের মত অচল রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ছাত্র কল্যাণ পরিচালক পদত্যাগ না করায় এই মূহুর্তে শিক্ষার্থীরা উপাচার্য দপ্তর তালাবদ্ধ করে ঘেরাও করে রেখেছে।
গতকালের ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান তাদের অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। আজকেও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে রাখায় বন্ধ রয়েছে সব ধরণের একাডেমিক কার্যক্রম । আজও শিক্ষকরা একাডেমিক ভবনগুলোতে প্রবেশ করতে পারেননি। এদিকে ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা কর্তৃক তৃতীয় বর্ষের অটল ভৌমিককে লাঞ্ছিত করার প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাঁদের আট দফার সাথে আশুতোষ সাহা পদত্যাগের দাবি যোগ করে নয় দফা দাবি ঘোষণা করেছে। আশুতোষ পদত্যাগ করার জন্য আজ সকাল ১১টা পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন আন্দোলনকারীরা ।
ড. আশুতোষ সাহা জানান, তিনি অনেক আগেই জমা দিয়ে রেখেছেন, তবে উপাচার্য এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবেন ।
এদিকে উপাচার্য ড. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোন শিক্ষকই পদত্যাগ করবেন না। এরূপ হলে শিক্ষকরা একযোগে সবাই পদত্যাগ করবেন। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আশুতোষ সাহার পদত্যাগের জন্য এক ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
#তারিখ: ৪.৪.১৬
