সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্সের নেতৃত্বে পরিবর্তন

জারীন তাসমীন সাবাঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের ব্যবসা ও প্রতিষ্ঠানভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্স (এসসিবিএ)– এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইতমাম ওবাইদ সামিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মিশু মিত্র।

গত ২৩ আগস্ট (শনিবার) রাত নয়টায় অনলাইনে অনুষ্ঠিত সংগঠনটি বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অংকুর দাস অভি ও সাবেক সভাপতি অর্ণব দাস অনিক।

নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন রাজেশ লালা।

নতুন সভাপতি ইতমাম ওবাইদ সামিন চুয়েটনিউজ২৪ কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, এসসিবিএ চুয়েটের সবচেয়ে বহুমাত্রিক একটা ক্লাবের একটি। পেশাগত জীবনের সাথে একাডেমিকের সেতু হিসেবে সবসময় আমাদের ক্লাব কাজ করে আসছে। আমি বিশ্বাস করি, নতুন কমিটি এই ধারা অব্যাহত রাখবে। ক্যাম্পাসের শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর নতুন নতুন পেশাদার সমস্যার সাথে পরিচয় করিয়ে দিয়ে এবং ভবিষ্যৎ জীবনে কেমন করে এর সমাধান করবে তা শিখিয়ে দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। পাশাপাশি ব্যবসাক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তাদের আইডিয়া উৎপাদনেও এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইংশা’আল্লাহ।