চুয়েটে দ্বিতীয় দিনের মত চলছে ৯ম তারুণ্য উৎসব

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দ্বিতীয় দিনের মত চলছে “৯ম তারুণ্য উৎসব”। চুয়েট ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ জাতীয় বিতর্ক উৎসবটিতে আজ অনুষ্ঠিত হয় মূল আকর্ষন- বিতর্ক প্রতিযোগিতা।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮ টায় ব্রিফিংয়ের মাধ্যমে শুরু হয় বিতর্ক উৎসবের কার্যক্রম। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত দল সমূহ অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। যেখানে আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃ বিশ্ববিদ্যালয়ের জন্য রয়েছে আলাদা সেগমেন্ট। স্কুল-কলেজ থেকে ১৬ টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৃথকভাবে ৩২ টি দল অংশ নিচ্ছে বলে জানা যায়। উক্ত প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট আয়োজনেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া উৎসবের শেষ দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। একই দিনে প্রকাশিত হবে চুয়েট ডিবেটিং সোসাইটির বার্ষিক ম্যাগাজিন ‘মিছিল’। পরবর্তীতে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটবে তিন দিনব্যাপী এই আয়োজনের।

এ ব্যাপারে চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি গোলাম মুরাদ বলেন, যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান। তারুণ্য উৎসব আমাদের ক্লাবের সবচেয়ে বড় এবং গর্বের আয়োজন। যুক্তির মঞ্চে দেশের প্রতিভাবান তরুণ-তরুণীদের একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও উৎসবের বিশেষ আকর্ষণ—আমাদের মিছিল প্রকাশনা, যা বিতর্ক, বিশ্লেষণ ও চিন্তার বহুমাত্রিক রূপ তুলে ধরবে। আশা করি, এটি পাঠকদের অনুপ্রাণিত করবে এবং আমাদের কাজের স্মারক হয়ে থাকবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহানেওয়াজ রশিদ দীপ্ত বলেন , চুয়েট ও বাইরের বিশ্ববিদ্যালয় থেকে অনেকে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে । সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস চুয়েটনিউজ২৪কে জানান, জাতীয় পর্যায়ের বিতর্ক সবসময় ভালো অনুভূতি জোগায়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক আমাদের চিন্তাধারাকে বিকশিত করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে আমাদের কানেক্ট করতে সহায়তা করে। আয়োজকরা মনে করেন, এই উৎসব যুক্তি, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চায় তরুণদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করবে।