চুয়েটনিউজ২৪.ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী “৯ম তারুণ্য উৎসব”। বিগত বছরের ধারাবাহিকতায় এবারো চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজন করছে বিতর্কের এই জাতীয় উৎসবটির।
গত ২৬ জুলাই এই উৎসবের বর্ধিত অংশ হিসেবে আয়োজিত হয় “ট্রেজার হান্ট” শীর্ষক এক ভিন্নধর্মী প্রতিযোগিতা। এতে বিশ্ববিদ্যালয়ের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের ৭৩ টি দল অংশ নেয় বলে জানা যায়।
অনুষ্ঠানটির মূল পর্ব আগামী ৩১ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সূচনা করা হবে। এরপর দুপুর ১২ টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে বৃক্ষরোপন কর্মসূচি এবং বই বিনিময় উৎসব।
অনুষ্ঠানের ২য় দিন, ১ আগস্ট আয়োজন করা হয়েছে আন্তঃস্কুল, আন্তঃকলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার যেখানে অংশ নিতে যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫২ টি দল। বিতর্কের পর্ব শেষে উক্ত উৎসবে রাখা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্টের আয়োজন।
অনুষ্ঠানের শেষ দিন, ২ আগস্ট চুয়েট অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে স্বল্পদৈর্ঘ চলচিত্র প্রদর্শনীর। প্রদর্শনী শেষে সেখানেই অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব। পরবর্তীতে চুয়েট ডিএস কর্তৃক প্রকাশিত “মিছিল” ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন ও সর্বশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে ৩ দিনব্যাপী এই আয়োজনের।
৯ম তারুণ্য উৎসবের অন্যতম আয়োজন, চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি গোলাম মুরাদ বলেন, “যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান। তারুণ্য উৎসব আমাদের ক্লাবের সবচেয়ে বড় এবং গর্বের আয়োজন। যুক্তির মঞ্চে দেশের প্রতিভাবান তরুণ-তরুণীদের একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও উৎসবের বিশেষ আকর্ষণ—আমাদের মিছিল প্রকাশনা, যা বিতর্ক, বিশ্লেষণ ও চিন্তার বহুমাত্রিক রূপ তুলে ধরবে। আশা করি, এটি পাঠকদের অনুপ্রাণিত করবে এবং আমাদের কাজের স্মারক হয়ে থাকবে।”