
চুয়েটনিউজ ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ গবেষণা-ভিত্তিক প্রতিযোগিতা ‘SciBlitz 1.0’, যার আয়োজন করছে IEEE Student Branch CUET। আজ সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রধান আকর্ষণ হলো ৩ মিনিট থিসিস (3MT – Three Minute Thesis), যেখানে শিক্ষার্থীরা তিন মিনিটে তাদের গবেষণার মূল বিষয়বস্তুকে সরল ও বোধগম্য ভাষায় উপস্থাপন করবেন এবং পোস্টার প্রেজেন্টেশন (Poster Presentation)। এই গবেষণা অনুষ্ঠানে শুধুমাত্র স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন।
তিন মিনিট থিসিস (3MT) অংশটি সকাল ৯:৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এবারের SciBlitz 1.0-এ 3MT সেগমেন্টে ৩৮টি বিশ্ববিদ্যালয় থেকে ৫২০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং চূড়ান্ত রাউন্ডের জন্য ৪০টি দল নির্বাচিত হয়েছে।
অপরদিকে ‘Poster Presentation’ সেগমেন্টে অংশগ্রহণকারীরা তাদের গবেষণার ফলাফল ও ধারণাসমূহ পোস্টারের মাধ্যমে দর্শক ও বিচারকদের সামনে উপস্থাপন করবেন। পোস্টার প্রেজেন্টেশন অংশ শুরু হবে বিকাল ২:৩০টা থেকে এবং চলবে ৪টা পর্যন্ত। এই সেগমেন্টে ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে ২১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবং ১৮টি দল চূড়ান্ত রাউন্ডে নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েট ও রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমামুল হক ভূঁইয়া, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (IET)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. কাজী দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি ও চুয়েট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।