“চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা”

তানবির আহমেদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ জুলাই (শুক্রবার) ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা কেন্দ্রে সংগঠনটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি চুয়েটের দশম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী শফিকুল ইসলাম খান। এছাড়াও, এ কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে ১০২ জন প্রকৌশলী স্থান পেয়েছেন।

নতুন কমিটির সভাপতি খান আতাউর রহমান সান্টু চুয়েটনিউজকে বলেন, ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আগের কমিটিতেও আমি সভাপতি ছিলাম। সব সময় আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। ফলশ্রুতিতে আমাকে আবারো এ দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এর লক্ষ্য হচ্ছে, চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে যাতে একে অপরকে সহযোগিতা করা এবং চুয়েট ও দেশের কল্যাণে কাজ করা। আশা করি, পূর্বের মতো আগামীতেও আমরা সবাই এক হয়ে কাজ করবো।