চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে গবেষণা ভিত্তিক প্রতিযোগিতা ‘SciBlitz 1.0’

আসাদুল্লাহ গালিব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গবেষণা ভিত্তিক এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘SciBlitz 1.0’। চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন দিক উপস্থাপনের সুযোগ পাবেন।

বিশ্বের প্রখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—যেমন স্ট্যানফোর্ড, এমআইটি, কেমব্রিজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চুয়েটেও আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি থাকবে পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতাও।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এর শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুন পর্যন্ত। মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪০ শতাংশ সেরা গবেষণাপত্র উপস্থাপিত হবে ।

SciBlitz 1.0 অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ‘থ্রি মিনিট থিসিস’। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের গবেষণার সারসংক্ষেপ মাত্র তিন মিনিটের মধ্যে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবেন। । বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। এছাড়া পোস্টার প্রদর্শনী ধাপে অংশগ্রহণকারীরা তাদের যেকোনো পর্যবেক্ষণ, ধারণা বা উদ্ভাবন একটি পোস্টারের মাধ্যমে তুলে ধরতে পারবেন।

চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি আসিফ মিরাজ চুয়েটনিউজ২৪ কে বলেন, “প্রকৌশল শিক্ষার অন্যতম স্তম্ভ হলো গবেষণা। দেশে প্রকৌশল শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী হলেও নিজেদের কাজ উপস্থাপন, মতামত গ্রহণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্মের অভাব রয়েছে। SciBlitz সে ঘাটতি পূরণের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “একজন তরুণ গবেষক তার গবেষণার মান সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা নিতে পারবেন। পাশাপাশি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরবর্তীতে গবেষণার জন্য অর্থ সংগ্রহের দিকটিও উন্মুক্ত হয়ে যাবে। পোস্টার প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা গবেষণার বিশাল পরিসর সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

উল্লেখ্য, প্রতিযোগিতাটির কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন এবং প্রতিযোগিতায় মোট পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।