নাজমুল হাসান, আসহাব লাবিবঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের কনভেনশন ও পুনর্মিলনী-২০২৩। আজ (শুক্রবার) চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে এটি আয়োজিত হয়।
সকল ১০ টার মধ্যে সবাই রিসোর্টে জড়ো হতে শুরু করেন। যাদের ব্যাক্তিগত গাড়ি ছিলোনা তাদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল। আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবার-পরিজন মিলে সর্বমোট ২৫০০ জন অংশগ্রহণ করেন।
বেলা ১১ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এসময় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম মঞ্জুরুল হক মঞ্জুও উপস্থিত ছিলেন।
এরপর ছিলো ক্রীড়ানুষ্ঠান পর্ব। এতে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার-পরিজনও অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হতে পুরষ্কার তুলে দেওয়া হয়। আর, বিকেলে ছিলো গ্র্যান্ড হাউজিং ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ, ছিলো আয়োজনের মূল আকর্ষণ র্যাফেল ড্র। আর, ড্র এর পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
আয়োজনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মোঃ এরশাদুল হক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির আয়োজিত কনভেনশন ও পুণর্মিলন-২০২৩ ছিলো সতেজতায় ভরপুর একঝাঁক প্রাণের সম্মেলন। আমরা চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা মিলে নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে একটি চমৎকার দিন অতিবাহিত করেছি।
আয়োজনের সার্বিক বিষয়ে চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি খান আতাউর রহমান সান্তু বলেন, চুয়েটের ৬৮ ব্যাচ (১ম ব্যাচ) থেকে শুরু করে সর্বশেষ ১৬ ব্যাচ (৪৭তম ব্যাচ) পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। সামনের বছর আরো বেশি প্রাক্তন শিক্ষার্থীকে এ আয়োজনে শামিল করার চেষ্টা থাকবে আমাদের। পাশাপাশি, চুয়েটের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়ার বিষয়টি আমার খুব গুরুত্বসহ দেখছি।
উল্লেখ্য, এ পুনর্মিলনীকে আরো স্মরণীয় করে রাখতে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিকথা স্থান পায়।