স্টার্টআপ ইয়ুথ সামিট ২০২৫ এ চুয়েটের “ইউনিঅ্যাপ” এর গৌরোবময় অর্জন

আকিফা মনজুর তিশাঃ

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইয়ুথ স্টার্টআপ-২০২৫ সামিট’ এ প্রথম স্থান অর্জন করেছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে অংশ নেওয়া একটি দল। বিজয়ী দলটি তাদের উদ্ভাবনী ধারণা প্রস্তাবনা ‘ইউনিঅ্যাপ’-এর জন্য ৩ লক্ষ টাকা পুরস্কার হিসেবে পেয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি (শনিবার) চট্টগ্রাম বিভাগের তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা ও পরিবর্তনশীলদের জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি বিভাগ কর্তৃক আয়োজিত হয় ‘ইয়ুথ স্টার্টআপ-২০২৫ সামিট’। এতে শীর্ষ ৮টি দল তাদের উদ্ভাবনী ধারণা প্রস্তাবনা ও ব্যবসায়িক পরিকল্পনা বিচারকদের সামনে উপস্থাপন করেন। দলগুলোর মধ্যে তিনটি দল চুয়েট থেকে অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে শীর্ষ তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দল যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। বিজয়ী দল ‘ইউনিঅ্যাপ’-এর সদস্যরা হলো- চুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের ২৩ আবর্তের শিক্ষার্থী মাহি হাসান (প্রধান নির্বাহী), কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২৩ আবর্তের মিনহাজ উদ্দিন (লিড ডেভেলপার) ও একই বিভাগের শিক্ষার্থী মোরতজা ফরহাদ (মারকেটিং লিড) অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ২৩ আবর্তের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন বিজয়ের পর তার অনুভুতি ব্যক্ত করে বলেন,

“আমাদের প্রজেক্ট এর আইডিয়া অনেক আগে থেকে থাকলেও এই ধরণের পিচ ডেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। আমাদের আইডিয়া টা সবার থেকে ভালো ছিল কিন্তু আমরা ছিলাম সবার থেকে সাধারণ। যেহেতু এটা আমাদের প্রথমবার এই পিচ ডেক প্রতিযোগিতা তাই আমরা আমরা আশা করি নাই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। ফলাফল যখন দিলো তখন তো কোনো কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহর শোকরিয়া আদায় করা ছাড়া আর কোনো কিছুই তখন মাথায় আসছিল না।”

এ বিষয়ে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি মোঃ আলী হাসান চুয়েটনিউজ২৪ কে বলেন,” উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। চুয়েট ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাস পার্টনার হিসেবে যুক্ত থাকতে পেরে আনন্দিত এবং লজিস্টিক সাপোর্টের জন্য স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। বিশেষ অভিনন্দন চুয়েট ইউনিঅ্যাপ দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এমন আয়োজন নিয়মিত হোক, তরুণদের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ।”

এছাড়াও সম্মেলন ও কর্মশালা ,নেটওয়ার্কিং ও উদ্যোগ এ নতুন উদ্ভাবনী সমাধান প্রদর্শনের আয়োজন করা হয়। যার মূল লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন, বিশেষজ্ঞদের থেকে শেখার সুযোগ এবং বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপন করা। ক্যাম্পাস পার্টনার হিসেবে যুক্ত হয় চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস পার্টনার এবং লজিস্টিক সাপোর্ট হিসেবে যুক্ত হয় চুয়েট ক্যারিয়ার ক্লাব।

উল্লেখ্য, এর পূর্বে ইয়ুথ স্টার্টআপ-২০২৫ সামিট রাজশাহী ও রংপুর, সিলেট ,খুলনা ও বরিশালে বিভাগভিত্তিক প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করেছে।