রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহকে চুয়েট শিক্ষার্থীদের লাল কার্ড

আসাদুল্লাহ গালিব:

সিলেটের মুরারিচাঁদ কলেজের (এম.সি) ছাত্রাবাসে মিজানুর রহমান নামে এক শিক্ষার্থীকে পেটানো এবং টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থীরা। এ সময় তারা এসব হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ১১ টার পরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শিক্ষার্থীদের বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্তি করে। মিছিলে শিক্ষার্থীরা ছাত্রলীগ,ছাত্রদল, শিবির এবং ছাত্র ইউনিয়ন এর বিরুদ্ধে স্লোগান দেয়। এছাড়াও সকল ধরনের ছাত্র সংগঠনের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড এর বিরূদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় তারা।

বক্তব্যে পানি সম্পদ কৌশল বিভাগের ১৯ আবর্তের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, “শিক্ষাঙ্গনে শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা সকল রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই এই চুয়েট ক্যাম্পাসে কখনো যেন আর ছাত্ররাজনীতি ফিরে না আসে। সে যেই হউক চুয়েটের ১৭১ একরে শিক্ষার্থীর একমাত্র পরিচয় হবে চুয়েটিয়ান হিসেবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-কর্মচারীর রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে এটার জন্য চুয়েট প্রশাসনকে সাধুবাদ জানাই আমরা। ভিসি স্যার বলেছেন, নামে বেনামে অনেকেই রাজনীতি করার চেষ্টা করছে উনি গোয়ান্দা রিপোর্টে খবর পেয়েছেন, যারাই এমন চেষ্টা করছে তাদেরকে আবারও সতর্ক করে দিয়েছেন তিনি। আমরা চাই চুয়েট একটা রাজনীতিমুক্ত শিক্ষা-গবেষণায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।”

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ আবর্তের শিক্ষার্থী জোসেফ আহমেদ বলেন, “এই জুলাই বিপ্লবের স্টেক-হোল্ডার আমরা সবাই । আমাদের মধ্যে অনেক ধরনের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, যেমন আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তবাদী দলের একজন সমর্থক। কিন্তু যেহেতু আমাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সম্পূর্ণভাবে আমি এই আদেশ সমর্থন করি। কারণ ছাত্ররাজনীতি এর কোনো ভালো দিক আমি নিজের চোখে এই পর্যন্ত দেখিনি সেটি ছাত্রদল হোক, ছাএশিবির হোক কিংবা ছাত্রলীগ হোক। আমরা সবাই একসাথে চুয়েট ক্যাম্পাস গড়ব।”

উল্লেখ্য, গত বুধবার ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থীর ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ ওঠে। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর ওপর ছাত্রদল কর্মীরা হামলা চালায় বলে জানা যায় ।