বহুমাত্রিক বাধা পেরিয়ে চুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ  

মোহাম্মদ ইয়াসির আফনান:

বুয়েট শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকির বিচার এবং প্রকৌশলীদের অধিকার রক্ষায় তিন দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে ‘লং মার্চ টু ঢাকা’য় অংশগ্রহণ করেছেন চুয়েট শিক্ষার্থীরা। বিভিন্ন বাহ্যিক বাধা পেরিয়ে আজ সকালে তারা ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হন।

জানা যায়, এই কর্মসূচি সঙ্গে যুক্ত হওয়ার জন্য চুয়েট শিক্ষার্থীরা রাত আটটা থেকেই বাসের জন্য চুয়েট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে থাকেন, কিন্তু  প্রশাসন থেকে তারা বাস বা এ সংক্রান্ত কোনরকম সহায়তা পায় না। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান ‘উপরমহল’ প্রশাসনকে কোনরকম সহায়তা না করতে নির্দেশ দিয়েছে। 

পরবর্তীতে ব্যক্তিগত উদ্যোগ অর্থ সংগ্রহ করে শিক্ষার্থীরা শুরু করেন বাস ভাড়া করার প্রচেষ্টা। এতে তাদের আর্থিক সহায়তা করার জন্যে এগিয়ে আসেন চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু যোগাযোগকৃত প্রতিটি বাস ঢাকা যেতে আপত্তি জানায়, এমনও দেখা যায় একটি বাস সবকিছু ঠিক করার পাঁচ মিনিট পর রহস্যজনক কারণে জানায় তারা চুয়েট শিক্ষার্থী নিয়ে ঢাকা যেতে পারবে না। এমতাবস্থায় শিক্ষার্থীদের ইচ্ছা থাকা সত্ত্বেও অধিকাংশ শিক্ষার্থী যাওয়ার সুযোগই পান না।

অবশেষে, ২৭ আগস্ট ভোর ৫ টা ৩০ নাগাদ শিক্ষার্থীরা কেবলমাত্র ৩০ জন শিক্ষার্থীর জন্য বাসের ব্যবস্থা করতে পারে। সম্মিলিত যাতায়াত করতে না পারায় অনেক  শিক্ষার্থী  ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে  রওয়ানা হন। 

এই ঘটনায় কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান বলেন , খবর পাওয়ার পরেই আমরা বাস রিজার্ভ করার প্রচেষ্টাই লিপ্ত হই। আমার জুনিয়র মাহি আব্দুল্লাহ অনেক জায়গাতেই বাস ঠিক করে ফেলার পর যখনই মালিকরা শুনতে পারে চুয়েট তখন বাস মালিকরা মানা করে দেয়। শিক্ষার্থীরা বারবার আমাদের সাথে যোগাযোগ করলেও তাদেরকে আমরা কোন জবাব দিতে পারি না। 

তিনি আরো বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও একই রকম সমস্যা পোহাতে হচ্ছে। ভাবটা এমন, সরকার চায়না এই আন্দোলন সফল হোক। চুয়েট প্রশাসন থেকে সহযোগিতা আশা করলেও আমরা একদমই আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। অবশেষে আমরা অল্পসংখ্যক শিক্ষার্থী ছোট ছোট দল করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি।

বাস না দেওয়ার ব্যাপারে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, দূরপাল্লার যাত্রার জন্য চুয়েট বাস দেওয়া আসলে যৌক্তিক না। এই কারণে শিক্ষার্থীদের বাস দেওয়া হয়নি।

উপরমহল থেকে কোন হুমকি বা চাপ এসেছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদেরকে কেউ কোন হুমকি দেয়নি, বাস না দেওয়াটি ছাত্রকল্যাণ অধিদপ্তর ও যানবাহন শাখার সিদ্ধান্ত।

উল্লেখ্যে, গতকাল শাহবাগ অবরোধের ৫ ঘণ্টা পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছেড়েছেন প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা।  গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় শাহবাগ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় ।

আজ সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হয়। আজ সারা দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। জানা যায়, আজকের মার্চ টু  ঢাকা কর্মসূচিতে চট্টগ্রাম -খুলনা -রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাশাপাশি শাবিপ্রবি, যবিপ্রবিসহ অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।