সাঈদ চৌধুরীঃ
দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।গত ২১মে রবিবার ইউজিসির ১৬৫তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট ঘোষণা করা হয়।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ঘোষিত বাজেটে দেখা গেছে সবচেয়ে কম বাজেট পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)। তারা বরাদ্দ পেয়েছে ৮৫ কোটি ২৮ লাখ টাকা।অন্যদিকে
বাকী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) ২২৮ কোটি ৪ লাখ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১০৯ কোটি ৯৫ লাখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১১২ কোটি ২১ লাখ ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৮৮ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে।
২০২২-২৩অর্থবছরেও দেখা গিয়েছিলো একই দৃশ্য। সেবারও সবেচেয়ে কম বাজেট বরাদ্দ পেয়েছিলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট। ৭৯কোটি ১৩লাখ টাকা বরাদ্দ পেয়েছিলো বিশ্ববিদ্যালয়টি।অন্যদিকে বুয়েট ২২১কোটি ৬৪লাখ, রুয়েট ৯৯কোটি ৫৬লাখ, কুয়েট ১০০কোটি ৪লাখ, ডুয়েট ৮২কোটি ৭৬লাখ বরাদ্দ পেয়েছিলো।
কেন বারবার চুয়েটে কম বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটনিউজ২৪ কে বলেন, চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম। তাই বাজেটও কম দেয়া হচ্ছে।এই বাজেটের ৯০শতাংশই মূলত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের বেতন।এছাড়া চুয়েটের অর্গানোগ্রামটি অনেক পুরোনো, ২০১০সালে পাশ করানো।এটি নতুনভাবে অনুমোদন পেলে তখন চুয়েটও আরও বেশী বাজেট পাবে বলে আশা করছি।