প্রকৌশল গুচ্ছে সমন্বিত ভর্তি পরীক্ষা ০৩ মার্চ, আবেদন শুরু ২৪ জানুয়ারি

নাফিসা নাওয়ার:
বাংলাদেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর স্নাতক ১ম বর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ০৩ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা পরিচালনা করবে চুয়েট।

আগামী ২৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯.০০ টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী ০৭ ফেব্রুয়ারি (বুধবার) তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।

অনলাইনে আবেদনের লিংকঃ Coming Soon (admissionckruet.ac.bd) । উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরোক্ত ওয়েবসাইট হতে জানা যাবে।

গতকাল (সোমবার) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের মধ্য থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০(ত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। বাংলাদেশের যেকোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ ইং সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক / আলীম/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ পেতে হবে এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট ১৮.০০ পেতে হবে। ইংরেজি ভার্সন/ বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে সমমানের গ্রেড পেতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

এছাড়া কোনো প্রার্থী GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেলের পরীক্ষায় গণিত,পদার্থবিজ্ঞান,রসায়ন ও ইংরেজিতে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল এর পরীক্ষায় গণিত,পদার্থবিজ্ঞান,রসায়নে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি:

আগামী ০৩ মার্চ ক বিভাগ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ও খ বিভাগ ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক বিভাগে মোট ৫০০ নম্বরের এম সি কিউ এবং খ বিভাগের জন্য মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বর সহ মোট ৭০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও, ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পূর্বোল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

তারিখ: ১৬ই জানুয়ারি, ২০২৩ইং।