প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ঠা মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে। শীঘ্রই ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

গতকাল ২১শে ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৪৫ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের উপাচার্য  গণের সমন্বয়ে গঠিত এডমিশন এডভাইজরি কমিটি (এএসি) এবং সেন্ট্রাল এডমিশন কমিটি (সিএসি)-এর যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আগামী বছরের ৪ঠা মার্চ সোমবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, “শীঘ্রই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”