দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে চুয়েট সাংবাদিক সমিতির নিন্দা

ইপসিতা জাহান সুমাঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, খুন ও ধর্ষণের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চুয়েট সাংবাদিক সমিতি। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাবিব আসলাম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কিছুদিন ধরে ঢাকাসহ পুরো বাংলাদেশে চুরি, ছিনতাই, খুন ও ধর্ষণের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, জনগণের জান-মাল ও সম্মানের নিরাপত্তাহীনতা এবং এ পরিস্থিতি নিয়ন্ত্রনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ব্যর্থতার ইঙ্গিত প্রদান করে।

বিবৃতিতে জানা যায়, কিছুদিন আগে রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্রসজ্জিত ছিনতাইকারীরা সাধারণ জনগণের উপর হামলা চালায়। গত ১৮ই ফেব্রুয়ারী শেরপুরে গজনী অবকাশ পিকনিক স্পটে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় লজ্জায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গত ১৭ই ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী বাসে। সেদিন ডাকাতরা অস্ত্রের মুখে প্রায় ৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, গহনা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতরা দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে এবং যাত্রীদের ভাষ্যমতে অন্তত একজন নারী ধর্ষণের শিকার হন। কিন্তু আশ্চর্যজনকভাবে এ ঘটনায় প্রশাসনের উল্লেখযোগ্য কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া এক স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়।

এছাড়াও প্রতিনিয়ত এরকম আরো অনেক অপরাধমূলক ঘটনা ঘটছে। কিন্তু এসব অপরাধ দমনে ও জড়িতদের শাস্তি প্রদানে এখন পর্যন্ত সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

সাংবাদিক নেতারা আরো বলেন, আমরা এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তাঁরা যেন দ্রুত এ অবস্থার উত্তরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং এসব অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। সেই সাথে দেশের আপামর জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বন করা ও যার যার অবস্থান থেকে এসব অন্যায়, অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

সর্বোপরি, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের এসব ঘটনার প্রচারে সচেষ্ট থাকা ও দেশের জনগণের পাশে থেকে কাজ করার অনুরোধ জানান চুয়েট সাংবাদিক সমিতির নেতারা।