দাবা প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ চুয়েট শিক্ষার্থী

মোহাম্মদ ইয়াসির আফনানঃ
চেস কোড একাডেমী আয়োজিত দাবা প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস।

গত ১৪ই অক্টোবর (শনিবার) চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত চেস কোড একাডেমীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ৬টি ধাপে অনুষ্ঠিত এ  প্রতিযোগিতায় ৫ পয়েন্ট পেয়ে প্রথম রানার্সআপ হন সৌরভ। পাশাপাশি ৪ পয়েন্ট পেয়ে অষ্টম স্থান অর্জন করেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের আরেক শিক্ষার্থী মোহাম্মদ মুক্তাদির মজুমদার।

আনন্দিত হয়ে সৌরভ দাস বলেন, প্রতিযোগিতার এত দূর পর্যন্ত আসবো ভাবিনি। নিজের প্রথম রেটেড টুর্নামেন্টে শেষ প্রথম রানার্স আপ হওয়ার এ অনুভূতি সত্যিই অসাধারণ। চুয়েট চেস ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।

চুয়েট চেস ক্লাবের সভাপতি মো. আসিফুর রেদোয়ান বলেন, এটি অত্যন্ত আনন্দ ও গর্বের! তাদের দাবার প্রতি আগ্রহ, দক্ষতা এবং কঠোর পরিশ্রম চুয়েট চেস ক্লাবের প্রত্যেক দাবাপ্রেমীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের এই অর্জন আমাদের ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদেরও উৎসাহ ও অনুপ্রেরণা দান করবে। আমি বিশ্বাস করি যথাযথ দিকনির্দেশনায় চুয়েট চেস ক্লাবের প্রত্যেক দাবাড়ু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। বিভিন্ন টুর্নামেন্ট এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে চুয়েটের দাবাপ্রেমীদের একত্র করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে চেস কোড একাডেমীর দাবাড়ু সজীব দাস।