নিজস্ব প্রতিনিধি
পেট্রোলবোমা ও ককটেলের আতঙ্ক নিয়েও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ পরীক্ষাসহ সকল শিক্ষাব্যবস্থায় অংশ নিচ্ছেন। সারাদেশে বিরোধী দলের ডাকা টানা অবরোধ কর্মসূচিতে প্রায় একমাস ব্যাপী সারা দেশের শিক্ষাব্যবস্থায় বিঘ্নিত হচ্ছে । দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাশ,পরীক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত হচ্ছেনা । এমনকি নির্ধারিত সময়ে সেকেন্ডারী স্কুল সার্টিফিক (এসএসসি) পরীক্ষাও শুরু হচ্ছে না। অথচ শুধু অবরোধ নয় হরতালের দিনগুলোতেও চুয়েটে শিক্ষা কার্যক্রম চলছে । এই সম্পর্কে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ অবরোধের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু রেখেছি এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসছে।’
কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অবরোধে বাস দেয়ার দাবিতে ও শীতকালীন ছুটির জন্য প্রায় এক সপ্তাহ ক্লাশ বর্জন করেছে কিছু দিন্ আগে । তখন সকল বর্ষের কিছু পরীক্ষা পুনঃনির্ধারণ করা হয় । তবে এখন সব বর্ষের শিক্ষার্থীরা ক্লাশ করছে।
জানা যায় বেশির ভাগ শিক্ষার্থী নিয়মিত ক্লাশ-পরীক্ষার পক্ষেই মত দিচ্ছেন । কিন্তু মাসখানিক যাবৎ আবরোধে বন্ধ রয়েছে চুয়েটের নিজস্ব বাস সেবা। ফলে পেট্রলবোমা ও ককটেলের আতঙ্কসহ নানাবিধ ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শিক্ষার্থী ও শিক্ষকগণ।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিন মাহমুদ জানান, ‘অবরোধে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল না করায় নিয়মিত ভাড়া থেকে কয়েকগুন বেশি ভাড়ায় বাইরের যানবাহনে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়ত করতে হচ্ছে। যানবাহন পেতেও অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ’।
এ ব্যাপারে চুয়েট উপাচার্য জানান ‘শহর থেকে যেন যাতায়াত করতে না হয় সে লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করেছি। যাদের হলে আসন নেই তাঁরা ছাত্রকল্যাণ বরাবর আবেদন করলে আসন দেওয়া হবে।’
চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেশের বর্তমান পরিসি’তিতে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করলে তাকে দুর্বৃত্তরা লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালাতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে’।
উল্লেখ্য বর্তমানে চুয়েটে ছেলেদের চরাটি এবং মেয়েদের একটি আবাসিক হল রয়েছে। মেয়েদের আরেকটি হলের কাজ নির্মাণাধীন আছে । আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে চুয়েটের ৪৬তম ব্যাচের স্নাতক প্রথমবর্ষের ক্লাশ শুরু হবে ।
