মনির হোসেন সাব্বিরঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে । গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ই ডিসেম্বর তৃতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে । ওই দিন বেলা ২.৩০টা পর্যন্ত দুটি (ক ও খ গ্রুপ) তালিকা থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে(ক গ্রুপ)মেধাক্রম ১৩৭০-১৪৬৫ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে(খ গ্রুপে) মেধাক্রম ৬৬-৭০পর্যন্ত ভর্তি করানো হবে। উক্ত তালিকাদ্বয়ের কোন শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে কিংবা ইতিপূর্বে কেউ ভর্তি বাতিল করে তাহলে আসন খালি থাকা সাপেক্ষে দুপুর ২.৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২য় ধাপে অতিরিক্ত দুটি (গ ও ঘ) তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। তালিকায় ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে(গ গ্রুপে) মেধাক্রম ১৪৬৬-১৬১৫ এবং স্থাপত্য বিভাগে (ঘ গ্রুপ) মেধাক্রম ৭১-৮০ পর্যন্ত রাখা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওই দিন বেলা ১.৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে নিরীক্ষা কমিটির নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে রিপোর্ট করতে হবে। রিপোর্ট ব্যতীত কোন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে না । আসন খালি থাকা সাপেক্ষে ঐ দিন সন্ধ্যায় চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় ,৭ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের ২০ জন শিক্ষার্থী এবং স্থাপত্য বিভাগের ১ জন শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে ।ফলে এখন পর্যন্ত মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ‘ক’ গ্রুপে ৫৭৪ জন এবং ‘খ’ গ্রুপে ২৫ জন ।
উল্লেখ্য যে,চুয়েটে স্নাতক পর্যায়ের ১০ টি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৭০০টি । এ ছাড়াও অতিরিক্ত ১১টি আসন উপজাতীয় এবং রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত রয়েছে ।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ-বোর্ড এবং ওয়েব সাইট( www.cuet.ac.bd) থেকে পাওয়া ও জানা যাবে।
তারিখ: ০৯/১২/২০১৭ ইং
