চুয়েটে অনুষ্ঠিত হল অন্ত:বিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব

1_1

ইনজামাম উল হক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ শুক্রবার অনুষ্ঠিত হল দিন ব্যাপী অন্তঃ বিশ্ববিদ্যালয় টেক কার্নিভাল। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়েট সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল নয়টায় উৎসবের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোবট দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে চুয়েট শিক্ষার্থীদের ১৬ টি দল অংশ নেয়।

আয়োজিত রোবটের দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী অঞ্জন হালদারের এবং অতনু বিশ্বাস। তারা প্রতিযোগিতায় নামেন তাদের অ্যাপোলো-১৪ রোবটটিকে নিয়ে। এসময় নিজের অনুভূতি জানিয়ে অঞ্জন হালদার বলেন, রোবটের দৌড়ে অংশ নিতে পেরে খুবই ভাল লাগছে । এই ধরণের উদ্যোগ আরও বেশী হলে চুয়েটকে আমরা আরও অনেকদূর এগিয়ে নিতে পারব।

রোবট দৌড়ের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতেও বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেন । এসব প্রতিযোগিতার পাশাপাশি গোলচত্ত্বরে অনুষ্ঠিত হয় চিত্রকর্ম প্রদর্শনী। এতে স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ ফয়সাল প্রাঙ্গণ এবং অন্তিকের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়। এছাড়াও ছিল টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা । এদিকে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রখ্যাত শিল্পী এবং কবি সঞ্জীব চৌধুরী স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি, প্রাইজমানি এবং সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই প্রযুক্তির উৎসব শেষ হয় ।

উৎসবে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট সংসদের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিএম জিলানি শুভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী নোবেল, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আতিক রিয়াদ প্রমুখ।

প্রযুক্তির উৎসব সম্পর্কে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানি চুয়েটনিউজ২৪কে বলেন, আজকের এই আয়োজন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সৃজনশীলতা তৈরির মাধ্যমে আগামীতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে। তাছাড়া তিনি প্রযুক্তি চর্চার মাধ্যমে ন্যায়ভিত্তিক শোষণ বঞ্চনাহীন সমাজ বিনির্মাণের আহ্বান জানান ।

দিনব্যাপী এই উৎসব সম্পর্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চুয়েট সংসদের সভাপতি ভৌমিক অটল বলেন, চুয়েট ছাত্র ইউনিয়ন সুন্দর এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে লড়াই করছে । সামনের দিনগুলোতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ।

তারিখ: ২৫.১১.১৬