মোহাম্মদ ফাহিম উদ্দীনঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংগঠন সাপ্লাই চেইন ও বিজনেস এলায়েন্স কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। গত ২৯ জানুয়ারি (রবিবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বর্ষের (২১ ব্যাচ) শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে সাপ্লাই চেইন বিষয়ক কর্মশালা পরিচালনা করেন সংগঠনটির সদস্য নাফিজ রুদ্র। এরপর কুইজ প্রতিযোগিতা ও সমস্যা সমাধান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিজ বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন ব্যবসায়িক ধারণা বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধিতে সাপ্লাই চেইন ও বিজনেস এলায়েন্স অনেক ভালো কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্নকরণে আমাদের সর্বদা সহায়তা থাকবে।’
আয়োজন নিয়ে সংগঠনটির সভাপতি অর্ণব দাশ অনিক চুয়েটনিউজ২৪.কম’কে জানান, ‘এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে নবীন শিক্ষার্থীদের আমাদের সংগঠনের সাথে যুক্ত করা। আর, সংগঠনে লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো। এ সংগঠনের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও চুয়েটের প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগ গড়ে তুলতে সাহায্য করা। যাতে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে লাভবান হতে পারে।’
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।