চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি বাসে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে চুয়েট ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হওয়া গোমতী বাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চুয়েট থেকে শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নগরীর চাঁদগাও আবাসিক এলাকায় স্বাভাবিক গতিতে একটি পেট্রোল পাম্পে ঢোকার চেষ্টা করছিলো চুয়েট বাসটি। এসময় একটি লোকাল বাস (২ নম্বর) বেপরোয়া গতিতে শিক্ষার্থীবাহী গোমতী বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এতে দুই বাসের মধ্যে অল্পের জন্য দূর্ঘটনার এরিয়ে চলেন বাস চালক।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, চালক কারণ জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে বাঁক বিতন্ডা সৃষ্টির হয় এবং একপর্যায়ে চুয়েট বাসটির সাথে ধাক্কা লেগে লোকাল বাসটির ছোট কাঁচ ভেঙে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকাল বাসটি চুয়েট বাসের সামনে এসে পথ অবরোধ করে । পরক্ষণে লোকাল বাসের কন্ট্রাক্টর দৌড়ে এসে চুয়েট বাস লক্ষ করে দুইটি ইট নিক্ষেপ করে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
এতে বাসের কাঁচ ভেঙে আঘাতপ্রাপ্ত হন সমাপনী বর্ষের (‘১৮ ব্যাচ) শিক্ষার্থী শাফকাত আল ফায়েদ। একই বর্ষের অপর শিক্ষার্থী মাহমুদুর রহমান নাফি বলেন, ” ভাঙা কাচের টুকরো গুলো আমাদের শরীরের উপর এসে পড়েছিল। সময় মতো মাথা নিচু করে ফেলায় ইটের আঘাত থেকে আমরা রক্ষা পাই।”
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ” এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে খুজে বের করা হবে। দোষ যদি আমাদের বাসের হয়ে থাকে, তবে তার জন্য যানবাহন শাখা থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি তাদের হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ও যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। “