চুয়েট এসিআই কর্তৃক বাৎসরিক চ্যারিটি কার্যক্রম

জেরিন সুলতানাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অ্যামেরিকান কংক্রিট এসোসিয়েশন (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার কর্তৃক গত ১৬ ই ডিসেম্বর বাৎসরিক চ্যারিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সকল অফিসার, সদস্য ও অনুষদ এডভাইজার এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম।

এই কার্যক্রমে চুয়েটের নিকটস্থ ইব্রাহীম তাহ্ফীজুল কোরআন, পাহাড়তলী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মশারি, কম্বল এবং খেলাধুলার সামগ্রী সহ বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়।

এ নিয়ে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের এর সভাপতি মোসাদ্দেক হামিম জানান, “এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার সবসময় শুধুমাত্র তার মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট আর নানা রকম প্রতিযোগিতা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত থাকে। তারই ধারাবাহিকতায় টানা ৩য় বছরের মত বার্ষিক চ্যারিটি ইভেন্ট আয়োজন করা হয়েছে।”

অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম জানান, “এসিআই কর্তৃক প্রতিবছরই বাৎসরিক চেরিটি কার্যক্রম পরিচালনা করা হয়। মূলত শিক্ষার্থীরা নিজেদের মাসিক চাঁদা থেকেই এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। আমি এ নিয়ে গর্বিত যে শিক্ষার্থীরা প্রতি বছর-ই এটি স্বতস্ফুর্ত ভাবে করে থাকে এবং এরই সাথে তারা একজন মানবিক ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে উঠছে।”

উল্লেখ্য, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট দেশের সর্বপ্রথম কংক্রিট স্টুডেন্ট চ্যাপ্টার হিসাবে কংক্রিটের জ্ঞানের সাথে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার জন্য কাজ করছে।