চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তানবির আহমেদ চৌধুরী ফাহিমঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর সম্ভাবনাময়ী সংগঠন চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটির(সিএএমএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৪জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট গ্যালারিতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সিএএমএস এর উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সিএএমএস এর উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এবং সিএএমএস এর উপদেষ্টা ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন আহাম্মদ।

অনুষ্ঠানে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিদায়ী সভাপতি এম এ শাদাব সিদ্দিকী। নব্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ‘১৮ ব্যাচের শিক্ষার্থী রিফাত আরমান রাব্বি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আশহার ইনতেযাম তাহবির । এছাড়া অনুষ্ঠানে সংগঠনের ৩৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে।

এ দিন সিএএমএস এর সদস্যদের নিজ হাতে তৈরি গাড়ি বিজয়-৭১ এর প্রদর্শনীরও আয়োজন করা হয়।

এ সময় অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এরকম একটি সংগঠন পরিচালনা এবং গাড়ি তৈরি সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট সম্ভাবনাময়।পর্যাপ্ত সহযোগীতা পেলে তারা অবশ্যই অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

সিএএমএস এর সদ্য নির্বাচিত সভাপতি রিফাত আরমান রাব্বি বলেন, আমরা নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমাদের প্রথম প্রজেক্ট আমাদের নিজস্ব অর্থায়নে গাড়ি তৈরি করতে পারি। ইলেক্ট্রিক কার এবং ড্রোন তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের। পর্যাপ্ত সহযোগিতা পেলে আমরা খুব শীগ্রই ফর্মুলা-১ রেসিং কার তৈরি করে ফর্মুলা কার স্টুডেন্ট প্রতিযোগিতা, ইউকেতে অংশগ্রহণ করতে পারবো।

সিএএমএস এর সদ্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক আশহার ইনতেযাম তাহবির বলেন, চুয়েটে ভর্তির সময় অনেকের স্বপ্ন ও ভিশন থাকে অটোমোবাইল ও মোবিলিটি নিয়ে কাজ করার। কিন্তু এ ভিশন ধরে রাখার জন্য একটা সোসাইটির অভাব ছিল। চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটি কন্টিনিউয়াস স্টাডি সেশন ও হাতে-কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে অটোমোবাইল ও মোবিলিটি সংক্রান্ত জ্ঞান অর্জন ও আগ্রহ তৈরিতে নিয়োজিত থাকবে।