চুয়েটে ২ দিনব্যাপী নাভানা গ্রুপের সেমিনার,অন ক্যাম্পাস চাকরির সুযোগ

মোঃ হাবিবুর রহমান আসলামঃ

২২ জানুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চুয়েট ক্যারিয়ার ক্লাব ও নাভানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর যৌথ উদ্যোগে আয়োজিত ” ইফেক্টিভ জব টুলস এন্ড টেকনিক্স” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে নাভানা গ্রুপের সহযোগিতায় উক্ত সেমিনারটি আয়োজিত হয়।

রবিবার বিকাল চারটায় অনুষ্ঠিত এই সেমিনারে মূলবক্তা ছিলেন নাভানা গ্রুপের হিউম্যান রিসোর্স বিভাগের ব্যবস্থাপক মাহবুব রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী।

গতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যোগ্য মানবসম্পদে পরিণত করার ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের সামনে গঠনমূলক বক্তব্য প্রদান করেন নাভানা গ্রুপের হিউম্যান রিসোর্স বিভাগের ব্যাবস্থাপক মাহবুব রহমান।

মূলবক্তা তার বক্তব্যে কারিগরি দক্ষতার সাথে সাথে কিভাবে নিজেদেরকে যোগ্য মানবসম্পদে রূপান্তর করা যায়, সে বিষয়ে বক্তব্য দেন। চাকরি নিয়োগ পদ্ধতি এবং ধাপসমূহ আলোচনার পাশাপাশি সেসব ধাপগুলোতে সফলতা পেতে উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করা হয় উক্ত সেমিনারে ।

প্রধান অতিথি চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম চুয়েট ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করে এই ধরনের সেমিনার বেশি আয়োজনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি এবং তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী দেশের বড় আরো অনেক কোম্পানিগুলোর চুয়েটে এমন আয়োজনে শামিল হওয়ার ব্যাপারে প্রত্যাশা জ্ঞাপন করেন।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আশফাক আসিফ জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রোগ্রাম বেশি আয়োজন করার চেষ্টা করা হবে।

সভা চলাকালীন শিক্ষার্থীদের থেকে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে জীবন-বৃত্তান্ত গ্রহণ করেন নাভানা গ্রুপ। জীবন বৃত্তান্ত পর্যালোচনার ভিত্তিতে আগামীকাল অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাক্ষাৎকারের আয়োজন করবেন নাভান গ্রুপের হিউম্যান রিসোর্স বিভাগের ব্যাবস্থাপক। আগামীকাল সোমবার বিকাল চারটা থেকে এই সাক্ষাৎকার শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, নাভানা গ্রুপ দেশের একটি স্বনামধন্য কোম্পানি। ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নাভানা গ্রুপ সাফল্যের সাথে নিজেদের বাণিজ্য পরিচালনা করে আসছে। এই গ্রুপের অধীনে নাভানা রিয়েল এস্টেট, নাভানা ইন্সট্রাকশন , নাভানা ইলেকট্রনিক্স, নাভানা ফার্নিচার, নাভানা ফুডস, নাভানা লজিস্টিক্স, নাভানা অটোমোবাইল লিঃ, নাভানা ব্যাটারি এবং নাভানা ইঞ্জিনিয়ারি লিমিটেড সহ বেশ কয়েকটি শাখা কোম্পানি রয়েছে।