চুয়েটে শুরু হচ্ছে  আন্তর্জাতিক কেস সলভিং প্রতিযোগিতা হাল্ট প্রাইজ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেস সলভিং প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। বিশ্বব্যাপী স্বীকৃত এই প্রতিযোগিতাটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কেন্দ্র করে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।

এবারের হাল্ট প্রাইজের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ ডিসেম্বর। রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ২০ ডিসেম্বর। শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রতিযোগিতাটি ক্যাম্পাস পর্যায়ে মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের আইডিয়ার অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলোকে নিজ নিজ আইডিয়া উপস্থাপন করে ৪ মিনিটের ভিডিও জমা দিতে হবে। এই ধাপ থেকে নির্বাচিত দলগুলো নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত পর্ব।

চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলোর মধ্য থেকে নির্বাচিত দলগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুয়েটকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিটি দলে ২ থেকে ৪ জন সদস্য থাকতে পারবে।

হাল্ট প্রাইজ অ্যাট চুয়েটের ক্যাম্পাস ডাইরেক্টর মুহাম্মদ রাইহানুল করিম জানান , “হাল্ট প্রাইজ কোনো গতানুগতিক প্রতিযোগিতা নয়। বিশ্বব্যাপী স্বীকৃত এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পায়, অন্যদিকে সমাজ ও সময়ের চলমান বিভিন্ন স্থানীয় ও বৈশ্বিক সমস্যার টেকসই সমাধান নিয়ে কাজ করার সুযোগও লাভ করে। এই প্রতিযোগিতা ব্যবসা ও স্টার্টআপ সম্পর্কে প্রচলিত “শুধু মুনাফাকেন্দ্রিক” ধারণাকে ভেঙে দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের ধারণাকে সামনে নিয়ে আসে।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের এবারের ৬ষ্ঠ আসর থেকে এমন কিছু দক্ষ, উদ্ভাবনী ও প্রতিভাবান দল উঠে আসবে, যারা পরবর্তী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পাশাপাশি বৈশ্বিক পরিবর্তন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”