সৈকত কুমারঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ র্যাগিংয়ের অপরাধে ৬ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এই এক বছর তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে। পাশাপাশি তারা হলে অবস্থান করতে বা হল এলাকায় প্রবেশ করতে পারবেনা । গত ১২ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫৩তম জরুরি সভায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হয়।
তবে তারা চাইলে মুচলেকা দিয়ে বহিষ্কারাদেশ স্থগিত করতে পারবে। ভবিষ্যতে তাদের দ্বারা শৃঙ্খলা ভঙ্গকারী কোনো অপরাধ সংগঠিত হলে বহিষ্কার আদেশটি স্বয়ংক্রিয় ভাবে কার্যকর হবে।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে গঠিত পর্যবেক্ষণকারী দল (ভিজিল্যান্স টিম) একটি র্যাগিং প্রতিরোধী অভিযান পরিচালনা করে। এসময় চুয়েটের বঙ্গবন্ধু হলের ছাদে ২১ ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ৪ নবীন শিক্ষার্থীকে র্যাগিং করার সময় ২০ ব্যাচের ( ২০২০-২১ শিক্ষাবর্ষ) ওই ৬ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিজিল্যান্স টিমের লিখিত অভিযোগর প্রেক্ষিতে ০৩/০১/২০২৩ খ্রিঃ তারিখ হতে ০২/০১/২০২৪ খ্রিঃ তারিখ পর্যন্ত ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও হল বহিষ্কার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ছয় শিক্ষার্থীদের থেকে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা নেয়। উক্ত মুচলেকায় উল্লেখ ছিল, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা ভঙ্গকারী কোন কাজে অংশগ্রহণের অভিযোগ পাওয়া গেলে বহিষ্কারাদেশ কার্যকর করা হবে।