চুয়েটে যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার(১৬ নভেম্বর) সপ্তমবারের মত আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনদিনব্যাপী এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, নরওয়ে, রাশিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ পৃথিবীর প্রায় ১১টি দেশ থেকে যন্ত্রকৌশল বিষয়ের অন্তত তিন শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নেবেন। উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত বিষয় “নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন” বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। এবারের কনফারেন্সে ৮টি কী-নোট স্পিচ, ৬টি আমন্ত্রিত স্পিচ, ১৪টি টেকনিক্যাল সেশন ও একটি প্লেনারি সেশন পরিচালিত হবে। এতে প্রথম দিন ৭টি সেশনে ৭২টি ও দ্বিতীয় দিন ৭টি সেশনে ৬২টিসহ মোট ১৩৪ টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং অকুপেশনাল সেইফটি বোর্ড অব বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এছাড়া কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।