চুয়েটে বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামিক কুইজ প্রতিযোগিতা আয়োজিত

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয়েছে “ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও নসীহা সেমিনার-২০২৪”। গতকাল, ০৯ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নবাগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে প্রথম পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পরপরই শুরু হয় নসীহা সেমিনার। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুল্লাহ। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মাশরুর আহমেদ।

অতিথির নসীহা সেমিনারে পরপরই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অধিকারী চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী মো. আল খালিদ বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক সময়োপযোগী একটি আয়োজন ছিল। এর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছে। কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিবের আলোচনা অনেক ফলপ্রসু ছিল। উনার আলোচনা শুনে আমার ইসলাম সম্পর্কে জানার, বোঝার ও মানার আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহ তালার প্রতি বিশেষ কৃতজ্ঞতা তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাইদের দ্বারা এরকম সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করিয়েছেন। আমরা আশাকরি সামনের দিনগুলোতেও আমরা এমন আয়োজন পাব ইনশাআল্লাহ।

অনুষ্টানটির অন্যতম আয়োজন পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, বর্তমানে অনেকদিন যাবৎ ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ইসলামচর্চার অভাববোধ দেখা যাচ্ছে। ইসলাম চর্চার অভাবে শিক্ষার্থীরা একদিকে যেমন ইসলামি জ্ঞানার্জন থেকে দূরে সরে যাচ্ছে অন্যদিকে ব্যক্তিজীবনকে ভুল পথে পরিচালিত করছে ; ইসলামের মৌলিক বিষয়াবলী পালনে অনাগ্রহ প্রকাশ করছে, যা একজন মুসলমান হিসেবে কখনো কাম্য নয়। এরই প্রেক্ষিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সেমিনার আয়োজনর মাধ্যমে আশা করা যাচ্ছে তাদের মধ্যে ইসলামী চেতনা জাগ্রত হবে, পাশাপাশি কুরআন ও সুন্নাহের আলোকে ব্যক্তিজীবন গঠনের মাধ্যমে ঈমানদার হিসেবে গড়ে উঠবে।