চুয়েটে পুরকৌশল বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধীনে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সহযোগিতায় ৬ষ্ঠ বারের মতো পুরকৌশল বিষয়ের অগ্রগতি(আইসিএসিই) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

এটি আজ বুধবার চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবনের মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় শুরু হয়।
উক্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য মুহাম্মদ আলমগীর। এতে গেস্ট অব অনার হিসেবে ছিলেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুরকৌশল অনুষদের ডিন মো. মইনুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আসিফুল হক।

উক্ত সম্মেলনে পুরকৌশলের উপর বাংলাদেশ, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রধান বক্তা এবং ২০০ জনেরও বেশি শিক্ষাবিদ, গবেষক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দিচ্ছেন। মোট ১৫৪টি গবেষণাপত্রসহ পুরকৌশলের ৫ জন প্রধান বক্তার গবেষণার উপস্থাপনের জন্য মোট ২০টি টেকনিক্যাল সেশন ও ৪টি কী-নোট সেশনে এই সম্মেলনটি সাজানো হয়েছে।

এই সম্মেলনের লক্ষ্য হলো- বিশ্বব্যাপী পুরকৌশল বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের একত্রিত করা এবং এর মাধ্যমে নতুন ধারণা বিনিময়, জ্ঞান ভাগ করে নেওয়া এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উন্নয়ন ও অগ্রগতিগুলো অন্বেষণ করা। আইসিএসিই-২০২২ এ অংশগ্রহণকারীদেরকে তাদের জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগি করার জন্য একটি অসামান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। এই সম্মেলন শিক্ষার্থী এবং তরুণ গবেষণাকারীদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর নতুন এবং সাম্প্রতিক বিষয়গুলোর সাথে পরিচিত হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে যা তাদের ক্যারিয়ার, তাদের স্ব স্ব প্রতিষ্ঠান এবং সামগ্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং সম্প্রদায়কে এগিয়ে নিতে সাহায্য করবে।

আগামীকাল বৃহস্পতিবার উক্ত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়র এমিরেটাস অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করবেন সম্মেলনের সাইন্টিফিক ও টেকনিক্যাল কমিটির সভাপতি স্বপন কুমার পালিত। উল্লেখ্য যে,এবছরের ফেব্রুয়ারিতে আইসিএসিই-২০২২ এ গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা প্রদানের জন্য আহবান করা হয়। মোট ৩৭৬টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা হয় যার মধ্যে প্রাথমিকভাবে যাচাই করে ৩৪২টিকে সম্পূর্ণ গবেষণাপত্র প্রেরণের জন্য আহবান করা হয়। এর প্রেক্ষিতে মোট ২১০টি সম্পূর্ণ গবেষণাপত্র জমা হয়। উক্ত গবেষণাপত্র সমূহের প্রতিটি গবেষণাপত্র একজন পিয়ার রিভিউয়ার দ্বারা যাচাই করে ১৫৪টি গবেষণাপত্রকে সম্মেলনে উপস্থাপন করার জন্য গ্রহণ করা হয়। এই ১৫৪টি গবেষণাপত্রগুলোকে ‘স্প্রিংগার বুক স্টোরিস’ এ প্রকাশ করার জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়। মনোনীত গবেষণাপত্রগুলোকে পূনরায় আরেকজন পিয়ার রিভিউয়ার দ্বারা যাচাই করে পরবর্তীতে সেখানে প্রকাশ করার জন্য নির্বাচন করা হয়। উক্ত সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ সম্পূর্ণ অনুষ্ঠানটি চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনটিতে স্পন্সর করেছে জিপিইএচ ইস্পাত।