চুয়েট নিউজ২৪ডেস্ক:
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে বই বিনিময় উৎসব ২০২৫। চুয়েটের ভাষা ও সাহিত্য সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই উৎসবটি আয়োজন করা হয়।
বই পড়ার অভ্যাসকে শিক্ষার্থীদের মধ্যে আরো জাগ্রত করতেই মূলত উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে জানা যায়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজের পছন্দমতো বই সঙ্গে করে নিয়ে যান কয়েকদিন পড়ার জন্য। চুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েট স্কুল ও প্রদীপ স্কুলের শিক্ষার্থীদেরকেও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়।
চুয়েটের পুরকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আজওয়াদ আখলাক তানভীর বলেন, আমার প্রিয় সাহিত্যিকদের জনপ্রিয় বইগুলোকে হাতের নাগালে নিয়ে আসার জন্য ভাষা ও সাহিত্য সংসদকে অসংখ্য ধন্যবাদ জানাই। চুয়েট শহর থেকে দূরে হওয়ায় এই বইগুলো শহর থেকে নিয়ে আসা কষ্টকর। তাই সম্প্রতি এই বই বিতরণ অনুষ্ঠানের জন্য আমার এই কষ্ট লাঘব হয়েছে। আমি চাই এই প্রোগ্রাম আরো বৃহৎ পরিসরে হোক। যেন আমরা সাহিত্যপ্রেমীরা খুব সহজে নিজের পছন্দমত বই সংগ্রহ করতে পারি।
উক্ত অনুষ্ঠানের একজন আয়োজন চুয়েটের ৩য় বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, ইঞ্জিনিয়ারিং জীবনের ব্যস্ততম শিডিউল এর কারনে অনেক বই প্রেমি মানুষজন ও বই পড়ার আগ্রহ দিনদিন হারিয়ে ফেলছে। তাই শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাসকে টিকিয়ে রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আজকের অনুষ্ঠানে দেখতে পেয়েছি চুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি চুয়েট স্কুল এন্ড কলেজের ছাত্ররাও বই বিনিময় উৎসবে আমাদের সাথে যোগ দিয়েছে। পাশাপাশি প্রদীপ স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের স্টল ঘুরে দেখেছে; যা আমাদের প্রোগ্রামকে আরো প্রানবন্ত করেছে। আমরা নিয়মিত বই বিনিময় উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রবণতাকে জাগ্রত রাখতে পারবো বলে আশাবাদী। এর পাশাপাশি আমরা ক্যাফেটেরিয়াতে বিভিন্ন কর্নারে ক্লাবের পক্ষ থেকে বুক শেলফ বানানোর পরিকল্পনা গ্রহন করেছি। এইটা বাস্তবায়ন হলে আশা করছি ক্যাফেটেরিয়াতে সময় কাটানোর পাশাপাশি শিক্ষার্থীরা বই পড়ার প্রতিও আগ্রহী হবে এবং অবসর সময়কে বই পড়ার কাজে লাগাতে পারবে। ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহায়তা পেলে খুব শীঘ্রই আমরা এগুলো প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহন করব।