জিওন আহমেদঃ
বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নতুন নয় । প্রতিযোগিতায় উঠে আসা বাস্তব জীবনের সমস্যার অভাবনীয় সমাধান দিয়েও চমক দেখিয়ে আসছে চুয়েট শিক্ষার্থীরা । এরই ধারাবাহিকতায় আবারও চুয়েট তড়িৎ ও তাড়িতকৌশল বিভাগের “ইইই দিবসঃ ইলেকট্রিক্যাল সার্জ-২০২২” উপলক্ষে এবং আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্যে সমস্যা সমাধান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে, চুয়েট নিউজ২৪ ।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রতিযোগীরা নিজেদের দল গঠন করে রেজিস্ট্রেশন করবে । রেজিস্ট্রেশন গ্রহণ শেষে, প্রতিযোগিদের মাঝে একটি বাস্তবিক জীবনের সমস্যা তুলে ধরা হবে । প্রতিযোগীরা নিজেদের দলে সেই সমস্যাটি পর্যালোচনা করে একটি সমাধান প্রস্তাব করবে । যেই দলের সমাধানটি অধিক গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত হবে, সেই দল বিজয়ী হিসেবে ঘোষিত হবে । বিজয়ী দল আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্যে পাবে ৩হাজার টাকা পুরষ্কার । এছাড়া প্রথম রানার্স আপ দল ২হাজার এবং দ্বিতীয় রানার্স আপ দল পাবে ১হাজার টাকার পুরষ্কার ।
দল গঠনের ক্ষেত্রে প্রতিটি দলে সর্বোচ্চ ৩জন অংশগ্রহণকারী থাকতে পারবে । চুয়েটের প্রথম(২০’ব্যাচ), দ্বিতীয়(১৯’ব্যাচ) এবং তৃতীয়(১৮’ব্যাচ) বর্ষের যেকোন বিভাগের শিক্ষার্থী দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে । প্রতিযোগিতার জন্য গত ২৮ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন গ্রহণ শুরু হয়েছে যা আগামী ২ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলমান থাকবে ।
আয়োজন নিয়ে চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের ব্রাঞ্চ চেয়ার অপি দাশ বলেন, “প্রকৌশলীরা তাদের প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে যেকোন বাস্তবিক সমস্যার অধিক গ্রহণযোগ্য এবং প্রায়োগিক সমাধান দিতে পারেন । এছাড়া প্রতিযোগিতাটিতে অংশগ্রহণের মাধ্যমে প্রকৌশল শিক্ষার্থীরা সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের বুদ্ধিমত্তা যাচাইয়ের সুযোগ পাবে।”