চুয়েটে অটোমোবাইলস বিষয়ক কুইজ প্রতিযোগিতা কাল

মোহাম্মদ ইয়াসির আফনান :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ৭ম আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটি (ক্যামস) এর আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অটোমোবাইল বিষয়ক কুইজ প্রতিযোগিতা  “অটোম্যানিয়া ২.০” ।

আগামীকাল বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে এ প্রতিযোগিতা শুরু হবে। দুইটি ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রথমটিতে প্রতিযোগীদের ১৫ মিনিট সময়ের মধ্যে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এতে সর্বোচ্চ নাম্বারধারী প্রথম ১৫ জন সরাসরি চলে যাবে চূড়ান্ত পর্বে।

এরপর লটারির মাধ্যমে তাদেরকে পাঁচটি গ্রুপে ভাগ করা হবে। চূড়ান্ত ধাপে গ্রুপভিত্তিক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী এবং রানার্স আপ দল নির্ধারণ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বই এবং ইন্টারনেটের সাহায্য নিতে পারবে। ক্যামস’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তাজওয়ার বলেন, মূলত ক্যাম্পাসের যেসব শিক্ষার্থীরা অটোমোবাইল নিয়ে আগ্রহী তাদের সাথে ক্যামসকে পরিচিত করা এবং অটোমোবাইল সেক্টরে তাদের জ্ঞানকে কাজের লাগানোর জন্য উৎসাহ বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন।