মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের চমক

মোহাম্মদ ফাহিম উদ্দিনঃ

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৩ নারী শিক্ষার্থী। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চুয়েটের চতুর্থ বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী তানজুম মতিন মিতুল এবং ৯ম স্থান অধিকার করেছেন একই বর্ষের সৈয়দা তাহমিনা। এছাড়া দশম স্থান দখল করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (‘১৭ ব্যাচ) শিক্ষার্থী তাসফিয়া আনোয়ার।

গত ৫ মে অনলাইন প্লাটফর্মে প্রতিযোগিতাটি আয়োজন করা হয় । এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরপর চলতি মাসের ৮ মে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয় । যেখানে সেরা দশ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হলে তিনজনই চুয়েটের শিক্ষার্থী।

সেরা দশে তিনের এই সাফল্য নিয়ে তানজুম মতিন মিতুল বলেন, এই ফলাফল পেয়ে অনেক ভালো লাগছে। শিক্ষকদের দিকনির্দেশনা এবং অগ্রজদের পরামর্শ আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংএ ভালো করতে চাইলে, কঠোর পরিশ্রম এবং ধৈর্য্য ধরে প্রোগ্রামিং চালিয়ে যাওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে সৈয়দা তাহমিনা বলেন, প্রথম বর্ষ থেকেই প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এর সাথে জড়িত ছিলাম। শিক্ষকদের ও অগ্রজদের সহায়তায় এবং নিয়মিত কোডিং অনুশীলন করার মধ্য দিয়েই আজকে এই পর্যায়ে আসতে পেরে খুবই আনন্দিত।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক দেশের নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের ক্যারিয়ার গড়তে সহযোগিতার লক্ষ্যে ‘লুনা শানসুদ্দোহা গার্লস ইন আইসিটি ডে – ২০২৩’ উদযাপন করে আসছে । এ দিবস উপলক্ষে মুলত এবারের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয় ।