চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত “ক্যারিয়ার ফেস্ট ২০২৪ “ । আগামীকাল শুক্রবার (১৭ মে) থেকে শুরু হবে এ উৎসব।বরাবরের মতো এবারো উৎসবটির আয়োজন করছে চুয়েটের অন্যতম জনপ্রিয় সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাব।
দুই দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় আলোচনা সভার মাধ্যমে আয়োজনের সূচনা হবে। আলোচনা সভার পর থাকবে সফল ব্যবসা গড়া , গবেষণা , মানসিক বুদ্ধিমত্তা ও বিসিএস বিষয়ক চারটি কারিগরি সেশন।
দ্বিতীয় দিনে রয়েছে ক্যারিয়ার ফেস্টের সবচেয়ে বড় আয়োজন চাকরি মেলা। যেখানে সদ্য শিক্ষা সমাপ্ত করা শিক্ষার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন।এছাড়াও এ দিনে রয়েছে বিশ্ব খ্যাত কোম্পানি হুয়াওয়ের নিয়োগ পরীক্ষা ও উচ্চ শিক্ষা বিষয়ক একটি কারিগরি সেশন।
চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি বিশ্বরূপ গোস্বামী তার অনুভূতি প্রকাশ করে বলেন ,আমাদের অন্যতম প্রধান লক্ষ্য কর্পোরেট সেক্টরের সাথে শিক্ষার্থীদের দুরত্ব কমানো। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যাতে তারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। চাকরি মেলার মাধ্যমে এখানের সদ্য গ্রাজুয়েট শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে ক্যাম্পাস থেকেই যোগ দিতে পারবে। এছাড়া উচ্চশিক্ষা, বিসিএস, উদ্যোক্তা, গবেষণা ইত্যাদি বিষয়ে সফল ব্যাক্তিদের দ্বারা সেশন আয়োজন করে শিক্ষার্থীদের সঠিক পথ প্রদর্শন করা ও ক্যারিয়ার বিষয়ে সচেতন করা আমাদের এই আয়োজনের লক্ষ্য।
উল্লেখ্য যে, এবারের ক্যারিয়ার ফেস্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে হুয়াওয়ে ও কল্পলোক লিমিটেড।