এসিআই বাংলাদেশ সেকশনে পরিচালক চুয়েট শিক্ষক সাদিকুল

আসহাব লাবিবঃ

আন্তর্জাতিক সংগঠন আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) এর বাংলাদেশ প্রফেশনাল চ্যাপ্টারের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জি. এম. সাদিকুল ইসলাম। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং পানিসম্পদ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

এসিআই’র কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশে প্রফেশনাল চাপ্টারের অনুমোদন আসলে বাংলাদেশ থেকে এসিআই এর সদস্যরা একটি নির্বাচনের আয়োজন করেন। উক্ত নির্বাচনে ৬ জন সদস্যকে বোর্ড অব ডাইরেক্টরস গঠনের জন্যে নির্বাচিত করা হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হন অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। এ ব্যাপারে চুয়েটনিউজ.২৪ কে তিনি বলেন, এটি আমাদের জন্যে খুবই আনন্দের বিষয়। কিছুদিন আগেও এসিআই এর সভাপতি বাংলাদেশে আসলে আমরা তার কাছে বাংলাদেশে প্রফেশনাল চ্যাপ্টার অনুমদনের আবেদন জানাই। এরই পরিপ্রেক্ষিতে চাপ্টারের অনুমোদন দেওয়া হয় এবং আমরা এই নির্বাচনের আয়োজন করি।

তিনি আরও বলেন,আমার সর্বাধিক ভোটে নির্বাচিত হওয়া শুধু আমার অর্জন নয় বরং চুয়েটের জন্যেও এটি একটি গর্বের বিষয়। আমাদের এখন প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের নিজস্ব বিল্ডিং কোডকে আরো সমৃদ্ধ করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। এসিআই স্টুডেন্ট চাপ্টার চুয়েট এর সাধারণ সম্পাদক ও পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তাসমিয়া রওনক ফেরদৌসী জানান, জি এম সাদিকুল ইসলাম স্যারের পরিচালক হিসেবে এসিআই বাংলাদেশ প্রফেশনাল চ্যাপ্টারে নির্বাচিত হবার ব্যাপারটি আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার। আগামী দিনগুলোতে চুয়েটকে এবং একইসাথে বাংলাদেশেকে প্রকৌশল ক্ষেত্রে এগিয়ে নিতে এ অর্জন আরও সহায়তা করবে।

পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেবাশীষ বিশ্বাস আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের অরিয়েন্টেশনের দিন একজন মানুষ পুরকৌশল সেমিনার রুমে হাসতে হাসতে প্রাণবন্ত উপস্থাপনা করছেন সাথে নবীন শিক্ষার্থীদেরকেও মাঝে মাঝে হাসাচ্ছেন, সাদি স্যারকে এভাবেই চিনেছিলাম চুয়েটে এসে। দিন গড়ালো স্যারকে আরো কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, ক্লাসও পেয়েছি স্যারের সবখানেই একটা বিষয় নজরে পড়ার মতো সেটা হলো স্যারের কাজের প্রতি ডেডিকেশন আর পারফেকশন আনার জন্য একাগ্র প্রচেষ্টা। আমি বিশ্বাস করি দেশের হয়ে এক নতুন শুরুর পথিকৃত হিসেবে স্যার অগণিত সাফল্য বয়ে নিয়ে আসবেন।

প্রসঙ্গত, এসিআই আমেরিকা ভিত্তিক একটি সংগঠন যেটি মূলত কনক্রিট নিয়ে কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রফেশনাল চ্যাপ্টার ও স্টূডেন্ট চ্যাপ্টার রয়েছে।