এমআইটির আদলে প্রথমবারের মত চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে “চুয়েট ইন্ট্রিগ্রেশন বি”

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে “চুয়েট ইন্টিগ্রেশন বি”। এম আইটির বিশ্বখ্যাত ” এমআইটি ইন্টিগ্রেশন বি” থেকে অনুপ্রাণিত হয়ে উক্ত প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

আয়োজকরা আরও জানান, এটি এমন এক প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা ক্যালকুলাস চ্যালেঞ্জিং সংক্রান্ত সমস্যা সমাধানের মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাবে। এমন আয়োজনের মূল উদ্দেশ্য অংশগ্রহণকারীদের ক্যালকুলাসের জ্ঞানকে মজবুত করা এবং গণিতের এই গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করা।

“চুয়েট ইন্টিগ্রেশন বি” এর অন্যতম আয়োজক যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রহমান এ ব্যাপারে বলেন, ‘ক্যালকুলাস প্রকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে অনেক সময় এটি মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। আমরা চাই এই ইভেন্ট শিক্ষার্থীদের ক্যালকুলাসের প্রতি গভীর আগ্রহ তৈরি করবে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে এ জ্ঞানকে ব্যবহার করার দক্ষতা গড়ে তুলবে। এই প্রথম চুয়েটে আয়োজন হলেও, আমরা আশা করি এটি একটি বার্ষিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

আরেক আয়োজক তড়িৎ ও ইলেক্ট্রনিক বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী তাহামীদুল ইসলাম সামিন বলেন, ‘এই ইভেন্ট শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়; এটি শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং প্রকৌশল শিক্ষার শুরুতেই তাদের টেকনিক্যাল দক্ষতা বিকাশের পথে একটি মজবুত ভিত্তি তৈরি করবে।’

এছাড়া, অংশগ্রহণকারীদের মধ্যে এ আয়োজন নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী আনাস বিন আলম আলভী জানান, “নতুন ক্যাম্পাসে এসেই এমন একটি সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। ক্যালকুলাসে দক্ষতা অর্জনের পাশাপাশি এটি আমাদের টেকনিক্যাল প্রবলেম সলভিং স্কিল বাড়াতে সহায়ক হবে।”

উল্লেখ্য গত ২৭ অক্টোবর “চুয়েট ইন্টিগ্রেশন বি” এর প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। উক্ত রেজিস্ট্রেশনের কার্যক্রম আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ঊক্ত চলমান থাকবে বলে জানা যায়।