এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) চুয়েটের পুরকৌশল বিভাগের সভাকক্ষে এই সাধারণ সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক,ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের ফ্যাকাল্টি এডভাইজর অধ্যাপক ড. আয়শা আক্তার।

অনুষ্ঠানে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন বিদায়ী সভাপতি মো. রেজওয়ানুর রহমান। নব্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী এস. এম. রুম্মান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের সিজান আহমেদ লিমান।

এছাডা অনুষ্ঠানে চ্যাপ্টারের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২২ ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে মেকানিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতা,কুইজ কম্পিটিশন, ড্যানিয়েল ডব্লিউ মেড প্রতিযোগিতা এর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্কশপের অধ্যাপকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নব্য কমিটির সভাপতি এস.এম. রুম্মান বলেন, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি নির্বাচিত হওয়ায় অত্যন্ত গর্বিত। আগামীর এ দায়িত্ব আমি খুব নিষ্ঠা এবং সম্মানের সঙ্গে পালন করতে চাই। বিগত বছরের মতোই আমরা চুয়েটের শিক্ষার্থীদের জন্য নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের উন্নতি সাধনের পাশাপাশি সামনের দিনগুলোতে এই চ্যাপ্টারের কার্যক্রমের মাধ্যমে চুয়েটের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আশা রাখি, এই যাত্রায় আমরা বিশ্ববিদ্যালয় প্রসাশনকে বরাবরের মতোই পাশে পাবো ৷