নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে ।চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি, চুয়েট এলামনাই এসোসিয়েশন (কানাডা) এবং প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুদুজ্জামান খান কর্তৃক এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় ।
আজ কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. ফারুক- উজ- জামান চৌধুরী , আই ই বি (ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) প্রসিডেন্ট প্রকৌশলী জনাব কবির আহমেদ ভূঞাঁ , চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাধারন সম্পাদক খান আতাউর রহমান সান্টু , প্রথম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুদুজ্জামান খান সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন বলেন , সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত চুয়েটকে সামনে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে । এছাড়াও সভাপতির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন , চুয়েটের চলমান অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন । বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন ছাত্র ছাত্রীদের মমত্ববোধ ও সার্বিক সহযোগিতা পেয়ে চুয়েট পরিবার ধন্য ও কৃতজ্ঞ ।
এছাড়াও কেন্দ্রীয় মিলনায়তন প্রাঙ্গণে চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । ক্যাম্পেইনে চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সদস্য সংগ্রহ করা হয় । চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সভাপতি প্রকৌশলী মোঃ জসিম উদ্দীন বলেন, চুয়েটের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের যে কোন ধরনের অসুস্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা করা এ তহবিলের উদ্দেশ্য এবং ভবিষ্যতে এ তহবিলের কার্যক্রমের ব্যপ্তি আরো বিস্তৃত হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন ।
