আবারও সমস্যা সমাধান প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে আই-ইইই চুয়েট

নাজমুল হাসানঃ-
টানা তৃতীয়বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় সমস্যা সমাধান প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট ওফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আই-ইইই)-এর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থী শাখা। সম্প্রতি প্রতিযোগিতার প্রথম ধাপের রেজিষ্ট্রেশন শেষ হয়েছে।

দেশের সবচেয়ে বড় এ সমস্যা সমাধান প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে “ফেস দ্যা কেস ৩.০”। এবারের আয়োজনে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩০১ টি দল অংশ নিচ্ছে। সর্বমোট প্রতিযোগীর সংখ্যা ৮৪২। আর, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অপেক্ষা করছে মোট পঞ্চাশ হাজার টাকা সমমূল্যের উপহার।

প্রতিযোগিতাটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রতিযোগীদের দেওয়া হবে বাস্তবধর্মী একটি সমস্যা, যার সমাধান অনলাইনে জমা দিতে হবে। সমাধানটি বিচারকদের মনঃপূত হলে প্রতিযোগী চলে যাবেন দ্বিতীয় ধাপে। যেখানে প্রতিযোগিদের পূর্বের সমস্যাটির সমাধান উপস্থাপন করতে হবে। এ ধাপের বাছাইকৃতদের সর্বশেষ অর্থাৎ চূড়ান্ত ধাপে দেওয়া হবে একটি নতুন সমস্যা।

এবারের প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েটনিউজ২৪.কম, দ্যা বিজএস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আই অনলাইন। রেডিও পার্টনার হিসেবে থাকছে বাংলা রেডিও ৯৫.২ এফএম।  ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে ইউনিক স্কুলিং। সিলভার স্পন্সর হিসেবে এই প্রতিযোগিতার সাথে আছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।